কুষ্টিয়া কুমারখালীতে পিতা কর্তৃক মেয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার (৫ আগষ্ট) ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষিতার পিতা নজরুলের (৪৫) বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৩। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পিতাকে আটক করেছে।
আটককৃত নজরুল উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত কাটু মন্ডলের পুত্র।
ধর্ষিতার মা জানান, তিনি, তার মেয়ে (১৩) ও স্বামী নজরুল প্রতিদিনের মতো রাতে ঘর সংলগ্ন দোকানের মধ্যে শুতে যায়। গভীর রাতে অভিযুক্ত নজরুল তার মেয়ের গায়ে হাত দিলে মেয়ে তাকে জানায়। এসময় সে তার মেয়েকে নিয়ে দোকান থেকে বের হয়ে ঘরে প্রবেশ করলে নজরুল জোড়পূর্বক তার মেয়েকে দোকানের মধ্যে নিয়ে গিয়ে লাইট অফ করে দিয়ে ধর্ষণ করতে থাকে। সে ও তার ছেলে রশিদ মন্ডল বাধা দিতে গেলে নজরুল তার ছেলেকে হাতুরী দিয়ে আঘাত করে। রশিদ ও তাদের বাড়িতে অবস্থানরত তার খালা আছমা খাতুন যদুবয়রা ক্যাম্পে গিয়ে জানালে ক্যাম্প থেকে পুলিশ এসে নজরুলকে আটক করে।
কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। আসামি নজরুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস