বন্যার পানি একদিকে যেমন মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, আবার এই পানিতে ডুবে করুন মৃত্যু ঘটছে অনেকের। সর্বশেষ ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বন্যার পানিতে গোসল করার সময় ডুবে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকার রাঙ্গামাটি ব্রিজের পাশ থেকে সুজল (১৭) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল।
নিহত সুজল এর পিতার নাম আব্দুস সালাম। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া এবং বর্তমানে সে তার পরিবারের সাথে জিরানির মাধবপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুরে ১০/১২ জন বন্ধুদের সাথে গোহাইলবাড়ির রাঙ্গামাটি ব্রিজের পাশের বিলে গোসল করতে নামে নিহত সুজল। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। এসময় সাথের বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা এলেও ততক্ষণে সুজল পানিতে তলিয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিস এর ডুবুরি দল এসে উদ্ধারকার্য পরিচালনা করে নিহতের লাশ উদ্ধার করে।
এব্যাপারে, সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে আমরা খবর পেয়ে আমার নেতৃত্বে দুইটি ইউনিট বেলা ৩টা ২০ মিনিটে দূর্ঘটনাস্থলে পৌঁছাই। এসময় আমাদের ২জন ডুবুরি পানিতে নেমে এক ঘন্টা ধরে সম্পূর্ণ এলাকায় ‘সার্চ অপারেশন’ পরিচালনা করে। পরে নিহত সুজল এর লাশ উদ্ধার করা হয়।
বার্তাবাজার/টেসলা