প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ও তার স্ত্রী জেলি রহমান। সোমবার (৩ আগস্ট) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে জানা যায় তারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
আজ (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুর কাইয়ুম।
তিনি বলেন, শনিবার (১আগস্ট) নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওইদিন সন্ধ্যায় মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও তার স্ত্রী জেলি রহমানের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পাওয়া রিপোর্টে জানা যায় তারা করোনা পজেটিভ।
তিনি আরও জানান, বর্তমানে মেয়র ও তার স্ত্রী নগরীর খামার মোড় এলাকার নিজ বাড়িতে আইসোলেসনে আছেন।
বার্তাবাজার/এসজে