নিহত মেজর (অব.) সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন

কক্সবাজের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারের সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুলাই) ফোন করে সিনহার মাকে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে টেলিফোনে সান্তনা দিয়েছেন। তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এ সময় নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহার পরিবার।

এদিকে ফোনালাপের বিষয়ে সিনহার মা নাসিমা আক্তার গণমাধ্যমকে বলেন, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ছেলে সিনহার এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। নিহত সিনহা রাশেদকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর