ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিংগারিয়া বিল থেকে সোমবার রাত সাড়ে এগারটার সময়ে মহিলা ঘটক মহিতুন বেগমের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
নিহত মহিতুন বেগম(৪০) পাশ্ববর্তি নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের নিজাম তালুকদারের স্ত্রী। নিহত মহিতুর বেগম এলাকাবাসির কাছে বিয়ের ঘটক হিসাবেই বেশ পরিচিত।
এঘটনায় নিহতের ছেলে শাহজালাল বাদী হয়ে মঙ্গলবার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ জানান, ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের জাল ডলার প্রতারক মনির হোসেনের পুত্র শান্তকে কিছুদিন আগে এই ঘটকের মাধ্যমে বিয়ে হয়। ঈদের দিন (শনিবার) দুপুরে মনিরের বাড়িতে ঐ মহিলা ঘটক মহিতুন বেগম তার পাওনা ফি চাইতে গিয়ে ঝগড়া হয়। এরপর ঐ গৃহবধুর আর কোন খোঁজ পাওয়া যায় না।
সোমবার দিবাগত রাতে স্থানীয় জেলেরা মাছ ধরতে বিলের মধ্যে যায়। এসময়ে জেলেদের লাইটের আলোতে গভীর পানির নীচে একটি মানুষের লাশ লোহার রড দিয়ে বাঁধা দেখতে পায়। জেলেরা বিষয়টি পুলিশকে অবহতি করলে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা পানির নীচ থেকে লাশটি উদ্বার করে। নিহতের পরিবারের দাবি ডলার প্রতারক মনিরই তার মাকে মেরে পানিতে ডুবিয়ে রেখেছিল। থানায় এজাহার ভুক্ত আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
অপরদিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের নিজ বাড়ীর একটি গাছ থেকে পরিবহন বাসের সুপার ভাইজার আইয়ুব আলী হাওলাদার(৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তিনি গাছে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এদিকে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
বার্তাবাজার/কে.জে.পি