চসিকের প্রশাসক পদে খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক পদে দায়িত্ব পালন করবেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে তা স্থগিত করা হয়। আগামীকাল ৫ আগস্ট শেষ হতে যাচ্ছে চসিকের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নছিরের মেয়াদকাল। তাই আইন অনুযায়ী সেখানে প্রশাসক নিয়োগ করা হচ্ছে। আর খোরশেদ আলম সুজনকে একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে প্রশাসকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত একজন দক্ষ রাজনীতিবিদ। এছাড়া চসিকের প্রয়াত মেয়র ও চট্টগ্রামের জনদরদী নেতা মহিউদ্দিন চৌধুরীর প্রিয় আস্থাভাজন মানুষ। তাই তাঁর রাজনৈতিক ও ব্যক্তি জীবনের বহু গুণ, যোগ্যতা ও দায়িত্ব সচেতনতা বিচার করেই সুজনকে প্রশাসকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৫ (১) ধারায় বলা আছে, সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে সরকার সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত এর কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে।

একই আইনের ২৫ (২) ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজনবোধে যথাযথ বলে বিবেচিত হয়— এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তার জন্য নিয়োগ করতে পারবে।

আর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, প্রশাসক এবং কমিটির সদস্যরা যথাক্রমে মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবেন। তবে মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশনের ক্ষেত্রে ১৮০ দিনের বেশি দায়িত্বে থাকতে পারবেন না প্রশাসক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর