করোনা আক্রান্ত দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক এবং সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেহাদুল ইসলামের জন্য উপহার সামগ্রী পাঠালেন সম্প্রতি স্বপরিবারে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা পুলিশ সুপার মো. হাসিবুল আলম (বিপিএম)।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক জেহাদুলের শহরের বাহিরগোলা রোডস্থ নিজ বাসভবনের সামনে গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেন সদর থানা পুলিশের এসআই আবু জাফর, আনিসুর রহমান, এএসআই জয়নাল আবেদিন প্রমুখ। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাংবাদিক এম এ মালেক ও সোহাগ হাসান জয় প্রমুখ।
উল্লেখ্য যে, রোববার (১৯ জুলাই) দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ২১ জুলাই মঙ্গলবার সাংবাদিক জেহাদুল ও তার ৯ মাসের শিশু সন্তান মো. জাইন আব্দুল্লাহর ফলাফল পজেটিভ আসে। এর পর থেকে তারা নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তবে, বর্তমানে তারা দু’জন অনেকটাই সুস্থ।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলমের (বিপিএম) সাথে সাংবাদিক জেহাদুল ইসলামের মুঠো ফোনে কথা হয়। এসময় উভয়ে তাদের পরিবার ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাংবাদিক জেহাদুল ইসলাম বলেন, সম্প্রতি পুলিশ সুপার মো. হাসিবুল আলম(বিপিএম), তার সহধর্মিনী পলি সুলতানা শান্তা ও একমাত্র কন্যা সেওতি আলম(১০) করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। এ অবস্থায় তার পাঠানো উপহার সামগ্রী হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় পুুলিশ সুপার ও তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
পুলিশ সুপার মো. হাসিবুল আলম(বিপিএম) বলেন, চিকিৎসকের পরামর্শে করোনা রোগীদের সঙ্গহীন থাকতে হয়। যে কারণে তারা মানসিকভাবে ভেঙে পরেন। তাই তাদের শরীর ও মন চাঙ্গা রাখতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি