ব্রাহ্মণবাড়িয়ায় এবার মোবাইল রিচার্জ নিয়ে সংঘর্ষে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোকানে মোবাইল রিচার্জ করার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষের নারীসহ ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকালে পৌর সদরের পশ্চিমপাড়ার ওয়ালিশাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নবীনগর থানার পরিদর্শক (ইন্সপেক্টর, তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংঘর্ষে আহতরা হলেন মামুন মিয়া, মফিজ মিয়া, মিন্টু মিয়া, অপূর্ব, মো. কাউছার, মো. আরিফ ও স্থানীয় দুই নারী।

স্থানীয়রা জানান, মাজার এলাকার কাউছারের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে আসেন অপূর্ব। মোবাইল রিচার্জ করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ঘটলে কমপক্ষে ৮ জন আহত হন।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

ইন্সপেক্টর মো. রুহুল আমিন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের লোকজনকে থানায় তলব করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর