করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর।
গতকাল সোমবার(৩ আগস্ট) রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এটিএম আলমগীরের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু জানান, গত কিছুদিন থেকে আলমগীর করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরে গতকাল রাত ৯টার দিকে সেখানে তিনি মারা যান।
মঙ্গলবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে তাকে মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঢাকার আল রশিদ ফাউন্ডেশন তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান কামাল হোসেন।
পরিবার সূত্র জানায়, আলমগীর ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সুপ্রিম কোর্টের আইনজীবী এটিএম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তবে গত নির্বাচনের আগে তিনি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন।
বার্তাবাজার/কে.জে.পি