জামালপুর সদর উপজেলায় মসজিদ নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ আগস্ট) বিকালে উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন একই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার বলেন, জেলার সদর উপজেলায় নতুন জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিবেশী আব্দুল মজিদ ও তাঁর তিন ছেলের সঙ্গে বিরোধ চলে আসছিল মুক্তার হোসেনের।
এই বিরোধের জের ধরে আজ দুপুরে মসজিদের পাশেই মুক্তারকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন মজিদ ও তাঁর ছেলেরা। পরে আহত অবস্থায় মুক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বার্তাবাজার/এসজে