কিশোরগঞ্জের নিকলীতে হাওরে প্রশাসনের কাজে বাঁধা দেওয়ার অপরাধে ৩ পর্যটককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার) বিকালে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরাহলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শামছুল হকের ছেলে মাহবুব (৩০), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলেফজলে রাব্বি (২৫) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাজিমুদ্দিনের ছেলে আবুল কাশেম (২৮)।
সোমবার (৩ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মুন্না এই দণ্ডাদেশ দেন। পরে তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের হাওর পর্যটন এলাকা নিকলীতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণে উপজেলার রোদারপুড্ডা এলাকায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের ব্যস্ত সময় কাটাতে হয়। আজ দুপুরে গাড়ি ও পর্যটকদের কল্পনাতীত ভীড় হলে পুলিশি বাধায় ক্ষিপ্ত হয়ে উঠে একদল পর্যটক।তারা জোরপূর্বক নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টায় পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় তিন পর্যটককে আটক করে পুলিশ
উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না জানান, চলমান করোনা পরিস্থিতিতে প্রশাসনের চাপ বাড়িয়ে দিচ্ছে পর্যটকরা। তাদের সামলাতে কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদানের দায়ে তিন পর্যটককে সাজা দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে