ভোলার চরফ্যাশনে মসজিদের ভেতর প্রকাশ্যে ইমামকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলার নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফিরোজ কিবরিয়াকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার) দুপুরে তাকে আটক করা হয়।
জানা যায়, চরতোফাজ্জল গ্রামের সামছুল হক কমান্ডার বাড়ীর দরজার জামে মসজিদে ঈদুল আযহার নামাজকে কেন্দ্র করে ইমাম লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুলারহাট থানা এরিয়ের মসজিদের ইমাম ও কওমী মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ফুঁসে উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদে সভাপতি ও সম্পাদক কর্তৃক সকল মুসল্লিদের আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আযহার নামাজের সময় শনিবার সকাল সাড়ে ৮টায় নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ঈদের জামাত শুরু হয় সকাল ৮টা ৪৫ মিনিটে।
নামাজ শেষ হওয়ারপর ফিরোজ কিবরিয়া ইমামকে জিজ্ঞেস করলেন, সব জায়গায় জামাত হয় ৯টায় আপনি আগে কেন পড়ালেন? এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমামের গায়ে হাত তোলেন ফিরোজ কিবরিয়া।
মারধরের শিকার ইমাম মো. নুর হোসেন জানান, নির্দিষ্ট সময়ে ফিরোজ কিবরিয়া মসজিদে আসতে না পারায় ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে পারেননি।
দুলারহাট থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ইমামকে মারধরের ঘটনার অভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ কিবরিয়াকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এসজে