গ্রেফতার আতঙ্কে নদীতে ঝাঁপ: ১৯ ঘন্টা পর মাদকসেবীর লাশ উদ্ধার

বগুড়ার মহাস্থানে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর মাসুম মিয়া নামের এক মাদকসেবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাস্থান এলাকাস্থ করতোয়া নদীর ভাটিতে ভাসমান মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

নিহত মাসুম মিয়া মহাস্থান বারিদার পাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান , গত রোববার (২ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশ মহাস্থান বারিদার পাড়া এলাকায় নয়ন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক মাদক মামলার আসামী মাসুম দৌড়ে পালিয়ে গিয়ে করতোয়া নদীতে ঝাপ দেয়।

রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ মাসুমের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়। পরে সোমবার দুপুর দেড়টার দিকে দিকে করতোয়া নদীর ভাটিতে মাসুমের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

ওসি জানান, থানা পুলিশ নয়নকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু মাসুম ভেবেছিলো তাকে আটক করতে এসেছে পুলিশ। নিহত মাসুমের নামে ৭ টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর