চাঁদপুরের কচুয়া উপজেলায় জান্নাতুল নাঈম মিশু (১৪) নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২ আগস্ট) উপজেলার কড়ইয়া ইউনিয়নের একটি খাল থেকে তার লাশ উদ্ধারকরে পুলিশ।
জানা যায়, স্থানীয় এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণিতে পড়ুয়া মিশু ঈদের আগের দিন (শুক্রবার) দুপুরে বাড়ির পাশেই ঘাস কাটতে যায়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর ঘাস কাটার জায়গায় তার ওড়না ও কাস্তে পাওয়া যায়। এরপর কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের লোকজন। ঘটনার দুইদিন পর বাড়ির কাছেই একটি খালে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনার পর এলাকাবাসী দফায় দফায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন। মিশুর স্বজনদের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্থানীয় কড়ইয়া ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আহসান হাবিব জুয়েলসহ এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে আজ সোমবার ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’ এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসজে