পবিত্র ঈদুল আজহার দিন ফরিদপুরে সড়কে ঝরল দুই জনের প্রাণ।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে জেলার মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মরিচ বাজার সংলগ্ন এলাকায় মো. আনিছ (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। নিহত আনিছের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়।
করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মো. শাহ জালাল আলম জানান, আনিছ ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয়ে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আনিছ মারা যান।
তিনি আরও জানান, ব্যবসায়ীক কাজে আটকে যাওয়ায় আনিছ ঈদের দিন সকালে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়িতে গিয়ে তার ঈদ করার কথা ছিল। আনিছের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়। পরে তার পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, জেলার ভাঙ্গা উপজেলায় ঈদের দিনে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করতে এসে ইমরান হাওলাদার(১৮) নামে এক যুবক লাশ হয়ে ফিরলেন বাড়িতে। এ ঘটনায় মোটরসাইকেলে বহনকারী হৃদয় মীর(১৮) নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে।নিহত ইমরান পার্শ্ববর্তী শিবচরের গুপ্তেরকান্দি গ্রামের আজাহার হাওলাদারের ছেলে এবং আহত যুবক হৃদয় একই এলাকার আব্বাস মীরের ছেলে বলে জানা গেছে।
শনিবার বিকেলের দিকে ভাঙ্গা- মাওয়া মহাসড়কের পুলিয়া নামক স্থানে একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ভ্রমনের জন্য বের হন। তারা গাড়িটি নিয়ে সুর্যনগর লিঙ্ক সড়ক থেকে মূল সড়কে প্রবেশ করার সময় বিপরীতমুখী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই ইমরান গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান এবং সঙ্গীয় যুবক আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে চেষ্টার পর তাদেরকে উদ্বার করে।
বার্তাবাজার/কে.জে.পি