টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২ মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে আগুন ধরে একটি মাইক্রোবাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ৩ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ধরুন এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধরুন নামক স্থানে দাঁড়ানো একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় পিছনের মাইক্রোবাসটিতে আগুন লেগে যায় এবং দাঁড়ানো মাইক্রোবাস খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি