মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর সেনাবাহিনীর এক সদস্য মাতাল অবস্থায় বুরুন্ডি সীমান্ত থেকে ২৪ কিলোমিটার দূরের সাংগি শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির সাউথ কিভু প্রদেশের গভর্নর থিও কাসি এক বিবৃতিতে বলেছেন, বুরুন্ডি সীমান্ত থেকে ২৪ কিলোমিটার দূরের সাংগি শহরে সেনাবাহিনীর ওই সদস্য মদ্যপ অবস্থায় তাণ্ডব চালিয়েছেন। ওই বন্দুকধারীকে ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি ওই হামলাকে জঘন্য অপরাধ হিসেবে মন্তব্য করে হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নির্যাতন-নিপীড়নের দায়ে দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। কঙ্গোর সামরিক বাহিনীর বিরুদ্ধে অপরাধী গোষ্ঠী ও বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহেরও অভিযোগ তুলেছে জাতিসংঘ।
বার্তাবাজার/কে.জে.পি