বেহাল দশায় উপজেলার প্রধান প্রবেশ সড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

কার্পেটিং উঠে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। বৃষ্টি হলেই পানি জমে থাকে সেসব জায়গায় । এমন চিত্র রয়েছে পটুয়াখালী জেলার সাগর নদী বেষ্টিত রাঙ্গাবালী উপজেলার প্রধান প্রবেশ সড়কে।

পথযাত্রীরা জানান, সংস্কারের অভাবে দীর্ঘদিন এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের ।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে রাঙ্গাবালী সদর – গলাচিপা সদর সড়কের গহীনখালী নতুন সেতু- কোড়ালিয়া লঞ্চঘাট সড়ক পর্যন্ত অধিকাংশই খানাখন্দ এবং গর্ত ।
কার্পেটিং উঠে যাওয়ার কারণে এসব খানাখন্দ ও গর্তের সৃষ্টি । একটু বৃষ্টি হলেই এসব জায়গায় পানি জমে সড়কটিতে যানবাহন ও পথযাত্রী চলাচলে ভোগান্তি হয় ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গহিনখালী নতুন সেতু থেকে কোড়ালিয়া (রাঙ্গাবালী সদর-গলাচিপা সদর) সড়কটির দৈর্ঘ্য ৮ কিলোমিটার। ওই সড়কটির পুরো অংশ ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে কার্পেটিং করা হয়। পরে ২০১৭ সালে সড়কটিকে সড়ক ও জনপদ অধিদফতরের কাছে হস্তান্তর করে এলজিইডি।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের বাসিন্দা তাইমুন ইসলাম রায়হান বলেন, তিন-চার বছর আগেও এই সড়কটির বেহাল অবস্থা দেখেছি। এখন এসেও তেমনি দেখছি। রাঙ্গাবালী উপজেলায় প্রবেশের এই সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন।

ওই সড়কের মোটরসাইকেলচালক পারভেজ মৃধা বলেন, ‘বৃষ্টি-বর্ষার মধ্যে এই রাস্তায় (সড়ক) কাদা-পানিতে একাকার হয়ে যায় । যাত্রী নিয়ে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার প্রয়োজন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর