সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
হতাহতদের সিলেট এম এ জি ওসমানী হাসাপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার(৩১ জুলাই) ভোর সাড়ে ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনা ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন সিলেট হাইওয়ে পুলিশের ওসি মায়নুল ইসলাম।
তিনি জানান, তাজপুর এলাকার তানপুর নামক স্থানে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের অর্ধেকটাই বাসের সামনের দিকে নিচে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। গুরুতর আহত একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেটকার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসেন।
বার্তাবাজার/কে.জে.পি