বিদেশ যেতে সবার করোনা টেস্ট লাগবে না

বিদেশ যেতে করোনা পরীক্ষার বাধ্যবাধকতার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা থেকে ১৮ দিন পরেই সরে এসেছে সরকার। করোনার ভুয়া টেস্ট ধরা পরার পরেই এই সিদ্ধান্ত বদলে ফেলা হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি যে দেশে যাচ্ছেন সে দেশ যদি করোনা সার্টিফিকেট চায় তবেই নিতে হবে। তা না হলে সার্টিফিকেট ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বিদেশগামী যাত্রীদের জন্য বর্তমানে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক আছে। এই ব্যবস্থায় আংশিক সংশোধন করে যেসব দেশ যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ চাইবে, কেবল সেসব দেশের যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ গ্রহণ বাধ্যতামূলক হবে। তবে বিমানবন্দরে বিদেশগামী সব যাত্রীর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে হবে। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

সভায় আরও বক্তব্য রাখেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর