সিরাজগঞ্জে হিল জুতা না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদে নতুন জুতা না পেয়ে বাবা-মায়ের উপর অভিমান করে এক কিশোরী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর দক্ষিণপাড়া গ্রামে আজ (বৃহস্পতিবার) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত জান্নাতি খাতুন (১৪) ওই গ্রামের ভ্যানচালক আব্দুল মমিনের মেয়ে। স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো।

এ বিষয়ে গাড়াদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য সাহেব আলী জানান, হতদরিদ্র ভানচালক আব্দুল মমিন গতকাল বুধবার হাট থেকে একমাত্র মেয়ে জান্নাতি খাতুনের জন্য নতুন জামা, গলার মালা, চুরি, ফিতা কিনে আনেন। আজ সকালে মেয়ে নতুন হিল জুতার জন্য বাবার কাছে বায়না ধরেন। কিন্তু তার হতদরিদ্র বাবা বন্যায় আয় উপার্জন কমে যাওয়ায় তা কিনে দিতে অপারোগতা জানিয়ে কাজে বের হন।

মা সুফিয়া খাতুন বাড়ির পাশের বন্যার পানিতে কাপড় ধুতে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। ভেবেছিলেন- অভিমান করে মেয়ে তার ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছে। তাই আর তাকে ডাকেননি। দুপুরের রান্না শেষ করে খাওয়ার জন্য অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অবশেষে দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়েকে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে তার মৃতদেহ নামিয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, ভ্যানচালক মমিনের একটি মাত্র ভাঙা থাকার ঘর ছাড়া আর কিছু নেই। সে ঘরও বন্যার পানিতে ডুবে গেছে। ঘরে চৌকি উচু করে অতি কষ্টে সেখানে বাস করছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে তারা ফিরে এলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর