একাত্তরের রণাঙ্গনে যুদ্ধ করার পর মুক্তিযোদ্ধা হিসাবে ভাতা পেয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকার কর্তৃক পাওয়া ভাতা জমিয়ে রেখেছিলেন তিনি। এবার নিজের জমানো সেই টাকা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর মনিপুরী পাড়া এলাকায় নিজের বাসভবনে ৩১ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে তিনি ৭ হাজারটাকা করে দিয়েছেন।
এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফমাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের জমানো মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিলিয়ে দিয়েছেন।
তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার পাওয়া ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিয়ে দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই সামান্য উপহার।
বার্তাবাজার/এসজে