জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে জানিয়েছেন, মুজিববর্ষকে স্মরণ করে ২০২১ সালের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার(৩০ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এই কথা জানান বান কি-মুন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আনুমানিক ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি মুন। সিভিএফ সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন।
প্রেস সচিব বলেন, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। যেখানে বান কি মুন ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
দ্বিতীয়বারের মতো সিভিএফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বান কি মুন। টেলিফোন করায় বান কি মুনকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)। গেল ডিসেম্বরে স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিভিএফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে অনুরোধ করেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিলডা হাইনের প্রস্তাবে রাজি হন।
বার্তাবাজার/কে.জে.পি