রাজবাড়িতে বন্যায় ডুবে গেছে রেললাইনও

রাজবাড়িতে বন্যা পরিস্থিতি এখনও স্থিতিশীল। পদ্মার পানি কমতে শুরু করলেও সবগুলা পয়েন্টে এখনও বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি চার সেন্টিমিটার কমে বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুর ছয় সেন্টিমিটার কমে ৪৪ সেন্টিমিটার ও পাংশার সেনগ্রাম পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার কারণে জেলা সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবেছে রেললাইনসহ নিচু এলাকার রাস্তাঘাট, ঘর-বাড়ি ও বিস্তীর্ণ এলাকার ফসলি মাঠ। গোয়ালন্দ অঞ্চল ঝুঁকিপূর্ণ হওয়ায় ২১ জুলাই থেকে বন্ধ রয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী আন্তঃনগর মধুমতি ট্রেন। তবে ট্রেনটি বর্তমানে রাজবাড়ী রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, কর্তৃপক্ষের নির্দেশে রাজশাহী থেকে আসা আন্তঃনগর মধুমতি ট্রেন এখন রাজবাড়ী স্টেশন পর্যন্ত চলাচল করছে। বন্যার পানির কারণে গোয়ালন্দ ঘাটে যাচ্ছে না। পরিস্থিতি ভালো হলে কর্তৃপক্ষের নির্দেশে আবার রাজশাহী থেকে গোয়ালন্দে আসা-যাওয়া করবে ট্রেনটি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর