ফরিদপুরে শিশুর রহস্যজনক মৃত্যু ও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকায় রোজা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে শিশুটির পিতা ও সৎ মা’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা যায়, শিশু রোজার পিতা অটোরিকশা চালক রানা জমাদ্দার (৩৫) সন্তানসহ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রঘুনন্দনপুরের আব্দুর রহমান হাসান হুজুর এর বাড়িতে ভাড়া থাকতেন। রাতের কোন এক সময় শিশুটির সৎ মা হোসনেআরা বেগম (২১) শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

একই বাড়ির অপর এক ভাড়াটিয়া পারভেজ শেখ জানান, মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত রোজা ও তার সন্তান ঘরে একসাথে খেলা করছিল। পরে রোজা নিজ ঘরে যায়। এর কিছু সময় পর তার সৎ মা হোসনেআরা চিৎকার শুরু করে। অন্যদের সাথে এগিয়ে এসে রোজাকে মৃত অবস্থায় দেখতে পাই। এ সময় রোজার পিতা রানা বাড়িতে ছিলেন না। তিনি শহরে অটোরিকশা চালাতে গিয়েছিলেন।

রোজার আপন মা সালমা বেগম জানান, ‘দুই বছর আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকে রোজা তার পিতা ও সৎ মায়ের সাথেই ছিল। সালমা বেগম ফরিদপুরের বাখুন্ডায় একটি জুট মিলে কাজ করেন।

এদিকে, বুধবার দুপুরে ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকার আইজউদ্দিন ডাঙ্গি গ্রামের ফেলু মাতুব্বরের বাড়ির পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম জানান, ‘শিশু রোজা ও মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর