যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামে নেশার টাকার জন্য আপন বড় ভাইকে গুলি করে হত্যা করেছে ছোট ভাই। বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার সময় কাগজপুকুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রাসেল হোসেন (২৬)। অভিযুক্ত হলেন নিহতের ছোট ভাই আমজাদ হোসেন (২২)। অভিযুক্ত আমজাদ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
নিহতের চাচা মোঃ মিন্টু হোসেন বলেন, মঙ্গলবার রাতে আমজাদ নেশার জন্য তার বড় ভাই রাসেলের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার সকাল ১০ টার সময় পুণরায় আমজাদ আবার তারই বড়ভাই রাসেলের কাছে টাকা দাবি করে। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুলি করে বড় ভাইকে হত্যার পর ভারত পালিয়ে যেতে চাইলে স্থানীয়দের সহযোগিতায় আমজাদকে বিজিবি আটক করে বলে জানিয়েছে বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আসামি এখন থানা হাজতে আছে।’
বার্তা বাজার / ডি.এস