পল্লবী থানায় বিস্ফোরণে ৪ পুলিশ আহত

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্যসহ একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

আজ (বুধবার) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি (মিডিয়া) ওয়ালিদুর রহমান।

তিনি জানান, ‘ভোরে পল্লবী এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে পল্লবী থানা হেফাজতে রাখা হয়। মিরপুর এলাকার একজন রাজনীতিক নেতাকে খুন করার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, গ্রেফতারের পর তাদের থানায় আনা হয়। তাদের কাছ থেকে দুইটি অস্ত্র ও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশন্সের রুমে রাখা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর মধ্যে ওজন মাপার মেশিন-সদৃশ্য একটি বস্তু ছিল। সকাল ৭টায় হঠাৎ সেটি বিস্ফোরণ হয়।

ডিসি ওয়ালিদুর রহমান বলেন, এ ঘটনায় মোট চারজন পুলিশ ও একজন সিভিলিয়ান আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর