হবিগঞ্জের বানিয়াচংয়ে মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের মিয়ার বাড়ি থেকে ভিজিএফ’র ২৭ বস্তা চাল জব্দ করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রশাসনের নির্দেশে চেয়ারম্যানের নিজের বাড়িতে লুকিয়ে রাখা চালের বস্তাগুলো উদ্ধার করে জব্দ করেন। জব্দকৃত ২৭ বস্তা চাল বিতরণের জন্য পরবর্তীতে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন।
এদিকে, সরকারি চাল আত্মসাতে চেষ্টাকারী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যেক ইউনিয়নে মাথা পিছু বিনামূলে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের সিদ্ধান্ত নেন। মুরাদপুর ইউনিয়নে ৭২৭ জন দরিদ্র অসহায় লোকজনদের চাল দেয়ার তালিকা তৈরি করা হয়।
গতকাল সকালে চাল বিতরণের শুধুতেই ইউনিয় পরিষদ কার্যালয়ে ইউনিয়নের গোদামে উপজেলা ট্যাগ অফিসার গননা করে দেখে ২৭ বস্তা চাল নেই। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়া ও ইউপি সচিব শামছুল ইসলাম খন্দকারকে জিজ্ঞাসবাদ করলে তারা সন্দেহ জনক আচারণ করেন।
উপজেলা ট্যাগ অফিসার আতিক মোল্লা জানান, মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহার মিয়া তালুকদার ভিজিএফ ২৭ বস্তা চাল আত্মসাত করার উদ্দেশ্যে তার বাড়িতে নিয়ে রেখে ছিলেন। এ বিষয়টি টের পেয়ে আমি তাকে চালের বস্তাগুলো বের করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করি। এক পর্যায়ে চাপের মুখে সে স্বীকার করে চালের বস্তাগুলো তার বাড়িতে রয়েছে। পরবর্তীতে সে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়টি আমি ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ট্যাগ অফিসার ও ইউনিয়নের মেম্বারসহ জনগন আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে