ট্রাম্পের ছেলেকে নিষিদ্ধ করল টুইটার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রকে টুইট করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে টুইটার কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞা ১২ ঘন্টা কার্যকর থাকবে। টুইটার কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

টুইটারের বরাত দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ‘জুনিয়র ট্রাম্প তার টুইটার হ্যান্ডেলে যে ভিডিও বার্তাটি পোস্ট করেছিলেন তা কোভিড-১৯ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে আমাদের নীতির পরিপন্থী। আমরা আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন পদক্ষেপ নিয়েছি।’

এদিকে এমন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প জুনিয়রের মুখপাত্র অ্যান্ডি সুরাবিয়ান বিবিসিকে বলেন, টুইটার কর্তৃপক্ষ নিজেদের সীমানার বাইরে গিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধকে করোনায় কার্যকরী বলে প্রচার চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধটিকে করোনায় ‘গেম চেঞ্জার’বলে অভিহিত করেছিলেন তিনি। এবার সেই ওষুধের প্রচারণা চালাতে গিয়ে নিষেধাজ্ঞায় পড়লেন তার বড় ছেলে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর