লক্ষাধিক পিস ইয়াবা পানিতে ফেলে সাঁতরে মাদক ব্যবসায়ীর পলায়ন

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযান থেকে রক্ষা পেতে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা নাফ নদে ফেলে সাঁতরিয়ে পালিয়ে গিয়েছে মাদক ব্যবসায়ীরা। গত সোমবার দিনগত রাতে নাফ নদ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে হ্নীলা ইউনিয়নের নোয়া পাড়ার বিজিবির বিশেষ ক্যাম্পের এলাকা বরাবর নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কেওড়া বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি। সোমবার রাত আড়াইটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

তিনি আরও জানান, বিজিবির টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীদের আটকে সারারাত অভিযান চলে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর