আসন্ন ঈদুল আজহায় কোরবানীর পশু পরিবহনের লক্ষ্যে চালু হওয়া প্রথম ক্যাটেল ট্রেন জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। ১৭টি ওয়াগনে ২৬১টি গরু নিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮ টার দিকে ট্রেনটি যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। আজ সকালে ট্রেনটি কমলাপুর পৌছানোর কথা।
এ বিষয়ে ঢাকা রেলওয়ের বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, ইসলামপুর স্টেশন থেকে রাত ৮টায় রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির। ক্যাটেল স্পেশাল ট্রেনটি কমলাপুরের (নারায়ণগঞ্জগামী) ৮নং প্লাটফর্মে এসে দাঁড়াবে।
উল্লেখ্য, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে স্বল্প ভাড়ায় ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা ভাড়া নির্ধারণ করেছে রেল। প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য খুব স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য এই উদ্যোগ নেয়া হয়।
বার্তাবাজার/এসজে