ছাড়া পাচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩৬৮ কয়েদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদীদের মাঝে ৩৬৮ জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে- ধর্ষক ও নৃশংস খুনী যাতে না ছাড়া হয়। আমরা সেই নির্দেশনা মাথায় রেখে সেগুলো যাচাই-বাছাই করে এখন ৩৬৮ তে নিয়ে আসছি। তাদের মুক্তির প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, কারাবিধিতে যাবজ্জীবন অর্থ ৩০ বছর কারাদণ্ড (৯ মাসে বছর ধরা হয় বলে সেটা আসলে হয় ২২ বছর)। কিন্তু সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ডের একটি ব্যাখ্যা দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেল কোড অনুযায়ী যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, এরমধ্যে আইন পরিবর্তন হয়েছে, সেই বিষয়ে আমি যাব না। আমাদের প্র্যাকটিসে যেটা ছিল এক বছরে কতদিন জেল খাটলে বছর পূর্ণ হয় সেই হিসাব করে যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে। ২২ বছরে জেলখানার ৩০ বছর পূর্ণ হয়। ৩০ বছর সাজা খাটা এক হাজার ৬০০ বেশি কয়েদির একটা তালিকা জেল কর্তৃপক্ষ দিয়েছিলেন। কিন্তু গত ৫ থেকে ৭ বছরের মধ্যে কাউকে ছাড়া হয়নি। এর আগে ছাড়া হয়েছিল। এতদিনে পুঞ্জীভূত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর