পঞ্চগড় জেলার সদর উপজেলার মীরগড় সীমান্তে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন লতিফুল ইসলাম ওরফে কমলেস (৪২) নামে এক ব্যক্তি। তার স্ত্রী সাহেদা বেগমকে (৩৮) নদী থেকে উদ্ধার করেছে এলাকাবাসি।
এরা দুজনে মীরগড় সীমান্তে ঘাস কাটতে গিয়েছিল। ভারতীয় চা বাগানের ভারতীয় নাগরিকরা ধাওয়া করে। প্রাণভয়ে এরা নদীতে এসে ঝাঁপ দেয়।
নিখোঁজ ব্যক্তির বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মীরগড় এলাকায়। সে ও্ই এলাকার মৃত তজমদ্দিনের ছেলে।
ধাক্কামারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জাহের আলী জানান, বিকেলে এরা স্বামী-স্ত্রী দুজনে ভারতীয় সীমান্তের কাছে ঘাস কাটতে যান। এসময় ভারতীয় চা বাগানের ভারতীয় নাগরিকরা তাদের গুলাল ও দা নিয়ে তাদের ধাওয়া করে।
এসময় এরা প্রাণভয়ে করতোয়া নদীতে ঝাঁপ দেয়। নদীতে পানি ও স্রোত বেশি থাকায় লতিফুল ওরফে কমলেস নিখোঁজ হয়। এলাকাবাসি তার স্ত্রী সাহেদাকে নদী থেকে উদ্ধার করে। বর্তমানে সে বাসায় সুস্থ্য আছে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গেলেও ভারতীয় সীমান্ত এলাকায় হওয়ায় তারা উদ্ধার অভিযান শুরু করেননি।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার নিরঞ্জন সাহা করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, করতোয়া নদীর ওই অংশটি ভারতীয় এলাকা হওয়ায় আমরা উদ্ধার অভিযান শুরু করতে পারিনি।
কেএস/বার্তাবাজার