মুজিববর্ষেই আলোকিত হবে রাঙ্গাবালী-এমপি মহিব

মুজিববর্ষের মধ্যে বিদ্যুৎবিহীন রাঙ্গাবালী উপজেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দুস্থ-অসহায়দের জন্য সরকারি সহায়তার বিশেষ ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন,জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য দিনরাত কাজ করছি। আমি বলেছিলাম কলাপাড়া আলোকিত, আর রাঙ্গাবালী অন্ধকারে থাকবে তা হতে পারে না। রাঙ্গাবালীকেও আলোকিত করতে চাই। ইতোমধ্যে বিদ্যুতের দৃশ্যমাণ কাজ শুরু হয়ে গেছে। এই মুজিববর্ষের মধ্যেই আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। রাঙ্গাবালীবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। চিকিৎসা সেবা নিতে অনেক ভোগান্তি হয়। সেই সমস্যা সমাধানে শিগগরই রাঙ্গাবালীতে হাসপাতাল নির্মাণ করা হবে। আর গলাচিপা গিয়ে ভোগান্তি পোহাতে হবে না, বিচারিক আদালতের কাজ এখানে শুরু হয়ে যাবে। এছাড়া রাস্তাঘাটসহ এলাকার উন্নয়নে ৭ শ’ কোটি টাকার প্রজেক্ট দাখিল করেছি।’

অনুষ্ঠানে এমপিপত্মী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর