কারণ ছাড়াই স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোনো কারণ ছাড়াই শাপলা (১৪) নামের এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাতো ভাই আশিক। এসময় দায়ের কোপে আরও আহত হয় স্কুলছাত্রীর মা আমিনা খাতুন ও আশিকের মা কল্পনা।

আজ (মঙ্গলবার) সকালে উপজেলার শাহরিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী শাপলা একই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সে স্থানীয় ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার চাচাতো ভাই আশিক ওই গ্রামের আবদুল আজিজের ছেলে। ঘটনার পর আশিককে আটক করেছে পুলিশ

এ বিষয়ে আশিকের মা কল্পনা খাতুন জানান, আশিক একজন মানসিক রোগী। তাই বাড়িতেই তাকে আটকে রাখা হয়। আজ সকালে শাপলাসহ বাড়ির কয়েকজন একসাথে বসে থাকার সময় আশিক দা হাতে ছুটে এসে শাপলাকে এলোপাথারি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যায়। সবার চিৎকারে এলাকাবাসী এসে আশিককে আটকে রেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে উপজেলার সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশিককে আটক করা হয়। ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর