মৌলভীবাজারে সিএনজি অটোরিক্সা চালক দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষে ফজলুর রহমান (২৭) ফজলু নামে এক সিএনজি অটোরিক্সার চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমাম বাজারে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান ফজলু সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের কনর মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করে থানা হাজতে নিয়েছে। তারা হলেন-অটোরিকশা চালক ইলিয়াস ও স্থানীয় গিয়াসনগর ইউপি সদস্য ছালিক মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমাম বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। প্রায়ই এ নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হতেন।

মঙ্গলবার দুপুরেও এ বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন ফজলুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদশী সূত্র জানা যায়, ইমাম বাজার সিএনজি স্ট্যান্ডে শ্রমিকদের মধ্যে দুটি গ্রুপের সৃষ্টি হয়। এনিয়ে দীর্ঘ দিন ধরে রিপন গ্রুপ ও কমরু গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় ছিলো।

এর জের ধরে কমরু গ্রুপের লোকেরা স্ট্যান্ডে অবস্থান নেয়া রিপন গ্রুপের এক চালকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সে মারা যায়। পরে ইমামবাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

আহতরা হলেন, জেসমিন (২৬), নজরুল (৩৫), ছনর আলী (৪০), আমিনুল ইসলাম (২৮), শামিম (৩৮), শওকত আহমদ (৪০), সাইফুর রহমান (৩৫), আল আমীন (২৬), ফজল মিয়া (৫৯), নাজমা বেগম (৩৩), মো: মতিন (২০), তাজুল ইসলাম (৪৫)।

নিহতের বড় ভাই খছরু মিয়া বলেন, ঘটনার কিছু সময় আগে আমি শুনেছি যে স্ট্যান্ডে মারামারি হবে। বিষয়টি স্থানীয় মেম্বারকে অবগত করেছি কিন্তু সমাধানের আগের তারা নির্মমভাবে আমার ভাইকেই হত্যা করলো।

নিহত ফজলু পরিবারের দুইভাই ও দুইবোনের মধ্যে নিহত ফজলু সবার ছোট। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে সিএনজি চালক ফজলুর রহমান ফজলু হত্যাকান্ডের পর ইমামবাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাল্টা হামলার আশঙ্কায় সেখানে টহল পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জেলা সিএনজি অটোরিক্সা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম আহমদ বলেন, আমরা এঘটনায় সুষ্ঠু বিচার চাই। যতদিন না পর্যন্ত বিচার হবে এই স্ট্যান্ডে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশকয়েকজন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর