জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ না পাওয়ায়, কক্সবাজারে গ্রামের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তুলে নেয়ার ৫ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেননকে ছেড়ে দেয়া হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার বিকালে ইউনুশখালী গ্রাম থেকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রেদওয়ান ও আগের দিন বিকালে তার বড় ভাই রাশেদকে আটক করা হয়। আটকের পর প্রথমে মহেশখালী থানায় নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার ও পরে ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়।
ওসি দিদারুল ফেরদৌস জানান, ‘২ ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পাওয়া যায়নি। ২ ভাইকে বাড়িতে আনার জন্য কক্সবাজার রওনা দিয়েছে তার পরিবার।’
২ ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ৩দিন পার হলেও দুই ভাইয়ের সন্ধান পাচ্ছিল না পরিবার। থানায় যোগাযোগ করলে তাদের আটকের বিষয়টি অস্বীকার করে জিডিও নেয়নি পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি