‘বিএনপির আমলের বন্যাও কি নতজানু পররাষ্ট্রনীতির ফল’: ফখরুলকে কাদের

প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য।

আজ মঙ্গলবার(২৮ জুলাই) সকালে রাজধানীতে নিজ দফতরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

‘বন্যা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফল’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাহলে কি সম্প্রতি চীন, জাপান ও আসামের বন্যাও নতজানু পররাষ্ট্রনীতির ফল? বিএনপির আমলে যে বন্যা হয়েছিল, তাও কি নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছিল?

সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব বন্যার্তদের সহায়তায় সরকারের কোনো ধরনের প্রয়াস চোখে দেখেন না বলে খুঁজে পাচ্ছেন না। গুলশানে বসে বসে প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করলে দেখার কথাও নয়; কারণ বন্যা গুলশানে নয়, দেশের ৩১ জেলাকে প্লাবিত করেছে।

কাদের বলেন, হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে।দেশের ৩১ জেলায় বন্যার্তদের সহায়তায় এক হাজার ৬০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানান মন্ত্রী। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর