বন্যার্তদের ত্রাণের ট্রাক পুকুরে, ১ হাজার পরিবারের স্বপ্নভঙ্গ

দূর্ভোগে থাকা বানভাসি মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণের ট্রাক উল্টে খাদে পড়ে ভিজে নষ্ট হয়ে গেছে পুরো ত্রাণসামগ্রী। আহত হয়েছে ট্রাকের চালক ও হেলপার।

গতকাল সোমবার(২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নারুচি গ্রামে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার(২৮ জুলাই) এসব ত্রাণসামগ্রী হতদরিদ্রদের মধ্যে বিতরণ করার কথা ছিল।

জানা যায়, সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকের নামে ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ হাজার পরিবারের জন্য ত্রাণসামগ্রী বরাদ্দ দেয়া হয়। এসব ত্রাণসামগ্রী টাঙ্গাইল থেকে ট্রাকে করে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি গ্রামে নিয়ে আসার পথে ভাঙাচোরা রাস্তার কারণে ট্রাকটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে চালকসহ ২জন আহত হয়। ভিজে নষ্ট হয়ে যায় পুরো ত্রাণসামগ্রী।

মহিলা এমপি অপরাজিতা হক বলেন, ১ হাজার লোকের জন্য প্যাকেট করা ত্রাণের চাল, ডাল তেল ও চিনি ছিল। বাড়ির নিকটে এসে ত্রাণের ট্রাক উল্টে যায়। আজ মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব ত্রাণ বন্যার্তদের মধ্যে বিতরণের কথা ছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর