কক্সবাজারের টেকনাফের মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে ৪জন মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী-নয়াবাজার নাফনদী সীমান্তে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার আব্দুস সালামে ছেলে নাছির (২৩), মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪), মৃত নূর মোহাম্মদের ছেলে ইসমাঈল (২৫), আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন।
টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার ভোরের খারাংখালী-নয়াবাজার সীমান্ত দিয়ে মিয়ানমার হতে একটি মাদকের বৃহৎ চালান পাচার হয়ে আসে। উক্ত মাদক চালানের ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে টেকনাফ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় বন্দুক, ৪ রাউন্ড তাঁজা গুলিসহ গুলিবিদ্ধ চার মাদক কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়। কর্তব্যরত ডাক্তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃতদেহ জেলা গুলো জেলা মর্গে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, চলমান মাদক বিরোধী অভিযানের মাঝেও মাদক কারবারীদের এমন অপতৎপরতা উদ্বেগ জনক। তদন্ত স্বাপেক্ষে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে