লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে একটি পাটক্ষেত থেকে বেলাল হোসেন (২৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বেলাল লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার আবুল কালামের ছেলে। সে পেশায় একজন মাইক্রোবাস চালক।
সোমবার (২৭ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার পল্লীবিদ্যুৎ অফিস এলাকার পাশেই মহাসড়ক এর পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এক ব্যক্তির সাথে দেখা করতে আসে বেলাল হোসেন।এরপর আর বাড়ি ফেরেনি এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
খোঁজাখুঁজি করে বেলালকে খুঁজে না পেলে ২৬ জুলাই রবিবার বেলাল হোসেনের মা জরিনা বেগন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নিখোঁজ জিডি করেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মহাসড়কের পাশের জমিতে কাজ করতে গিয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় গলা কাটা অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে তারা আদিতমারী থানা পুলিশকে জানায়।এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সিআইডি এর স্পেশাল টিম আসে ঘটনাস্থলে।
এরপর বেলালের পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি শনাক্ত করে।
দুর্বৃত্তরা বেলালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে মহাসড়কের পাশের পাটক্ষেতে ফেলে পালিয়ে যায় এমনটাই ধারনা নিহতের পরিবারের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা বাজার / ডি.এস