বিট পুলিশিংয়ে মডেল হতে পারে শিবগঞ্জ থানা পুলিশ!

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আইজিপির নির্দেশ বাস্তবায়নে পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞার তত্ত্বাবধানে বিট পুলিশিং কার্যক্রম সফল করতে উপজেলা চষে বেড়াচ্ছেন সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান।

গত ২০ দিনে উপজেলার অধিকাংশ ইউনিয়নে আলোচনা সভা করে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন ওসি বদিউজ্জামান। সেই সাথে কার্যক্রম সম্পর্কে অবহিত করতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের খোলাখুলি মতবিনিময় করেন ওসি।

জানা গেছে, প্রায় এক মাস আগে শিবগঞ্জ থানায় যোগ দিয়ে ওসি উপজেলাকে মাদক-জুয়া ও অপরাধমুক্ত করার ঘোষণা করেন।

এরপর থেকে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে মানুষকে অবহিত করে পুলিশ জনগণের বন্ধু এটার প্রচার চালানোর চেষ্টা করেছেন। এর ফল হিসাবে সচেতন মানুষের দেয়া গোপন তথ্যে গত দুই সপ্তাহে ডজনখানেক মাদক মামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মামলার আসামীসহ পরোয়ানাভুক্ত অনেক আসামী ধরেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, বিট পুলিশিং সম্পর্কে ওসির তৎপরতা প্রশংসনীয়। তিনি যেভাবে এ কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যাবার চেষ্টা করছেন তাতে এ থানার কার্যক্রম দেশের মডেল হতে পারে।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, শিবগঞ্জ থানা পুলিশের এমন কার্যক্রম যেন অব্যাহত থাকে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী বার্তাবাজারকে বলেন, বর্তমান ওসি সদরের মতো শিবগঞ্জেও মানবিক সেবা অব্যাহত রাখবেন বলে আশা করি।

এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, উপজেলাকে মাদক-জুয়া-সুদসহ অপরাধ মুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের কাছে সেবা পৌছে দেবার অঙ্গিকার করেন তিনি। এছাড়াও সর্বস্তরের জনগণের সেবা প্রদানে তার দরজা সবসময় উন্মুক্ত বলেও জানান ওসি।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে শিবগঞ্জ থানা পুলিশ ভাল কাজ করছে। তিনি পুলিশের এমন জনমুখী কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান।

উল্লেখ্য, বগুড়া সদর থানার ওসি থাকাকালীন এসএম বদিউজ্জামান স্কুল-কলেজে শিক্ষার্থীদের কাছে ‘ওসি আংকেল’ হিসাবে পরিচিতি লাভ করেছেন। যা দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর