ঢাকার ধামরাই থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। রোববার দিবাগত রাত ৩টায় ধামরাইয়ের ধুলিভিটা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মিজানুর রহমান পলাশ (৩৫), মো: দুরুল হুদা (৪৪), মোঃ আব্দুর রশিদ (২১), মোঃ রাসেল (৩৭), মোঃ আব্দুল হাই (৪০)। গ্রেফতারকৃতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের থেকে উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট মোবাইল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত মিজানুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। আনসার আল ইসলামের এক স্থানীয় সদস্যের সাথে পরিচয়ের মাধ্যমে সে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে। এছাড়াও সে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক ও জঙ্গিদের ৬ টি গোপণীয় গ্রুপের এডমিন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত অন্যদের মধ্যে দুরুল হুদা একজন শিক্ষক, আব্দুর রশিদ ও রাসেল পেশায় রাজমিস্ত্রি এবং আব্দুল হাই একজন গ্রাম্য চিকিৎসক। এরা সবাই গ্রেফতারকৃত মিজানুর রহমানের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে।
দরুল হুদা বিভিন্ন মাধ্যম থেকে আনসার আল-ইসলামের বিভিন্ন ভিডিও, বইপত্র, মোবাইল এ্যাপস সংগ্রহ করতো এবং নতুন সদস্যদের মোটিভেট ও অর্থ সাহায্য করতো। রাসেল আনসার আল ইসলামের অর্থ শাখায় সক্রিয় সদস্য হিসেবে কাজ করতো এবং চাঁদা সংগ্রহ করে দুরুল হুদাকে প্রদান করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।