চাঁদাবাজির সময় পুলিশ সদস্যসহ আটক ৪

ওষুধের দোকানে চাঁদাবাজির সময় পুলিশের এক কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

আজ সোমবার(২৭ জুলাই) ভোরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস থেকে দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

আটককৃত আশুলিয়া থানার পুলিশ কনস্টেবল মো. মমিনুর রহমান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে।

এছাড়া অপর ৩ জন হলেন, আবদুল হামিদ (মাইক্রোবাস চালক), ওয়াহেদ ও ওয়াজেদ শেখ।

ভুক্তভোগী নুর উদ্দিন পাটোয়ারী বলেন, ২২শে জুলাই রাতে জামগড়ায় নুর মেডিকেল হল নামে আমার ওষুধের দোকানে বিক্রয় নিষিদ্ধ ওষুধ রয়েছে দাবি করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে। পরে গভীর রাতে দাবি করা বাকি টাকা নিতে আসার কথা জানায় তারা।

এরপর টাকা সংগ্রহ করার কথা বলে ওষুধ ব্যবসায়ী নুর উদ্দিন পাটোয়ারী র‌্যাবকে খবর দেন। পরে ভোরের দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে তাঁদের আটক করে।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন বলেন, আগে থেকেই অবস্থান নিয়ে তাদের হাতেনাতে আটক করি। এরমধ্যে আশুলিয়ার থানার একজন পুলিশ সদস্য রয়েছে। তল্লাশি করে তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, জাল টাকা, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের ১৬ এটিএম কার্ড পাওয়া যায়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতি বিষয়ে মোট চারটি মামলা দায়ের করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর