বিপৎসীমার উপরে বইছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখানদীর পানি। উত্তরাঞ্চলে কয়েক জায়গায় বন্যার পানি কমলেও মধ্যাঞ্চলে পানিবন্দি অন্তত লাখো মানুষ।
ঘরবাড়ি, ফসলি জমির পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। ঝুঁকিতে যমুনা নদীর পূর্ব তীররক্ষা বাঁধ।
পানির নিচে প্রায় পুরো টাঙ্গাইল জেলা। যমুনাসহ শাখা নদীর পানি বাড়ায় টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে ১১ উপজেলাই প্লাবিত হয়েছে। এতে ৬ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, ব্রিজ কার্লভার্ট তলিয়ে ও ভেঙে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে জেলাবাসী।
এক সপ্তাহ ধরে গাজীপুরের তুরাগ ও বংশাই নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি ঢুকছে। ডুবে গেছে ফসল ও সবজির ক্ষেত। পদ্মার পানি বাড়ায় মুন্সিগঞ্জে একদিনের ব্যবধানে নতুন করে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে ১৬৪টি গ্রামের মানুষ পানিবন্দি।
বার্তাবাজার/কে.জে.পি