জাপার মহাসচিব পদ থেকে বাবলুকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে সরিয়ে দেয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রংপুর। নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করে রাঙ্গাকে পুনর্বহাল করার দাবি জানায় রংপুরের নেতাকর্মীরা। এছাড়াও বাবলুর কুশপুত্তলিকা দাহ করা হয়।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টায় মশিউর রহমান রাঙ্গার নির্বাচনী আসন গঙ্গাচড়া উপজেলা জিরো পয়েন্টে প্রথমে জিয়াউদ্দিন বাবলুর কুশপুত্তলিকা দাহ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাবলু বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা। প্রদর্শন করা হয় জুতা। পরে জিরো পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, ছাত্রসমাজের আহবায়কসহ নেতৃবৃন্দ।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বাবলুকে বাদ দিয়ে রাঙ্গাকে মহাসচিব করা না হলে উত্তরাঞ্চল অচল করার ঘোষণা দেন। অন্যদিকে সন্ধ্যায় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সমাবেশ করেন জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন। সেখান থেকে বলা হয় জাতীয় পার্টিকে ধ্বংস করতেই এই রদবদল করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গাকে মহাসচিব করা না হলে তারাও সব কিছু অচল করার হুমকি দেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর