হাসপাতালে ভর্তি মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম

অসুস্থতা নিয়ে সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম।

এম এ সালামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ ক’দিন ধরে জ্বর, কাশিসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (২৫ জুলাই) রাতে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়, কাশি ও জ্বর বেড়ে যায়। এ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন সাপোর্টসহ যাবতীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে তার করোনাভাইরাসের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গেছে, বর্তমানে তার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক মাত্রায় (৯৬) রয়েছে।

পরিবারের পক্ষ থেকে এম এ সালামের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এম এ সালাম বর্তমানে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে একজন। তিনি ষাটের দশকে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার শুরু থেকে তিনি দেশের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক সংবাদ পত্রিকার সাথে যুক্ত। বর্তমানে তিনি দৈনিক সংবাদের মৌলভীবাজার জেলা বার্তা পরিবেশক এবং চ্যানেল আই এবং রেডিও টুডে’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

তার হাত ধরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। মৌলভীবাজার প্রেসক্লাব ঢাকা জাতীয় প্রেসক্লাবের পরে দেশের দ্বিতীয় প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে এম এ সালাম বিভিন্ন মেয়াদে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর