জ্বর-সর্দি নিয়ে প্রবেশ করা যাবে না পশুরহাটে

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে উৎসবমুখর ও নিরাপদ করতে পশুরহাটে জ্বর-সর্দি নিয়ে প্রবেশ করা যাবেনা। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে (ডিএমপি)। ওই নির্দেশনায় পশুরহাটে ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের জন্যও কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

ডিএমপি জানায়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটের জন্য স্বাস্থ্য বিধিমালাগুলো হচ্ছে- প্রতিটি হাটের প্রবেশপথ ও প্রস্থানের পথ পৃথক করে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় বেসিন, পানির ট্যাংক ও সাবান এবং পৃথকভাবে হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা করতে হবে। হাটে প্রবেশের মুখে প্রয়োজনীয় সংখ্যক তাপমাত্রা মাপার যন্ত্রসহ লোক রাখতে হবে। কোনোক্রমেই ফেস মাস্ক ছাড়া কোনো লোককে হাটে ঢুকতে দেওয়া যাবে না।

ডিএমপির ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, হাটে সামাজিক দূরত্ব কমপক্ষে তিন ফুট কঠোরভাবে বজায় রাখতে হবে। করোনার উপসর্গ যেমন জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ইত্যাদি নিয়ে কোনো ব্যক্তি হাটে প্রবেশ করতে পারবে না। যত কম সময়ে সম্ভব কোরবানির পশু কিনে হাট ত্যাগ করতে হবে। একজন বিক্রেতার কাছে বেশি ক্রেতা অযথা ভিড় করা যাবে না। অসুস্থ প্রাণি কোনোক্রমেই হাটে বেচাকেনার জন্য আনা যাবে না এবং শিশু ও ষাটোর্ধ ব্যক্তিদের হাটে প্রবেশে নিরুৎসাহিত করতে হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর