হিসাব রক্ষককে মারধর করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিশি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজের ঠিকাদারী প্রতিষ্ঠানের ফাইল না ছাড়ায় এলজিইডি অফিস ভাঙচুর ও হিসাব রক্ষককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশির বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলা এলজিইডি অফিসে এই ঘটনা ঘটেছে।

মারধরের শিকার হিসাব রক্ষক রফিকুল ইসলাম জানান, ২০২৯-২০ অর্থবছরের ঠিকাদারদের ১০ শতাংশ জামানত ফেরতের জন্য কয়েকটি ফাইল প্রক্রিয়াধীন ছিল। তার মধ্যে কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশির একটি ফাইল রয়েছে। তিনি অফিসে এসে ফাইলটির খবর জানতে চান। আমি উপজেলা প্রকৌশলী অফিসে এলে ফাইল প্রসেসিং করে ছাড়া হবে বলে জানাই। এদিন উপজেলা প্রকৌশলীর শাশুড়ির অসুস্থতার কারণে তিনি অফিসে আসেননি।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পরে তিনি তার স্বামীসহ লোকজন নিয়ে অফিসে ঢুকে ফাইলটি কেন ছাড়া হয়নি এই বলে আমাকে মারধর ও অফিসের কম্পিউটার ভাঙচুর করেন। ঘটনার সময় উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীও উপস্থিত ছিলেন। বিষয়টি কর্ণফুলী থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি অফিস ভাঙচুর ও হিসাব রক্ষককে মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, ফাইলটি ছাড়ার জন্য আমার কাছ থেকে ঘুষ চেয়েছেন এজন্য হিসাব রক্ষকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ও ইউএনও নোমান হোসেনের মোবাইলে ফোন করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর