কুমিল্লার বুড়িচংয়ে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মাঝে ভাই-বোনও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার হরিণধারা এলাকায় সিলেট-কুমিল্লা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার গোবিন্দপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে বিল্লাল ভূঁইয়া, মেয়ে রিপা আক্তার, পিকআপ চালক ওসমান গণি ও তার সহকারী মুরাদনগরের সাজিদ।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা শাহীন মোল্লা জানান, সিলেটগামী লবণবাহী ট্রাকের সঙ্গে কুমিল্লাগামী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুই জন। একইসাথে দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ দুর্ঘটনায় পড়া পিকআপ ও ট্রাক জব্দ করেছে। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এসজে</strong